ভারতে চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের সাহস ও সচেতনতার ভূয়সী প্রশংসা করেন। সালমান খান স্পষ্টভাবে বলেন, শিক্ষার প্রতি বর্তমান প্রজন্মের এই আগ্রহ ও অঙ্গীকারই একদিন ভারতকে গর্বিত করবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে সালমান খান বলেন, প্রশ্নফাঁসের বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। তিনি মনে করেন, এই আন্দোলনের কৃতিত্ব কেবল শিক্ষার্থীদেরই প্রাপ্য। তিনি আন্দোলনকে রাজনৈতিকভাবে ‘হাইজ্যাক’ না করার আহ্বান জানিয়ে বলেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা। এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়।
সালমান খান আরও বলেন, আমি বিশ্বাস করি সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন দেবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এতে সবারই লাভ হবে এবং আমি ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছি। যারা শিক্ষিত হতে চায়, সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন। পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, দেশে শিক্ষাকে এমন একটি ইতিবাচক সংস্কৃতিতে পরিণত করা উচিত, যাতে ভবিষ্যতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়তে আসতে আগ্রহী হয়।
উল্লেখ্য, ভারতের রাজধানীতে চলমান ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি এর আগেও বলিউডের একাধিক তারকা সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ। তারা সবাই দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০১: ৫৯আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১: ৫৯