ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে আবারও বিনোদন অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। তবে এবার কোনো সিনেমার শুটিং কিংবা প্রমোশন নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়া একটি রোমান্টিক ভিডিওকে কেন্দ্র করে এই আলোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, হবু বর-কনের সাজে মেহেদি পরানোর একটি বিশেষ আয়োজনে এক যুবক হঠাৎ করেই অপু বিশ্বাসকে চুমু দিয়ে বসেন। এমন আকস্মিক ও রোমান্টিক ঘটনায় অপু কিছুটা লজ্জিত হলেও মুচকি হেসে পরিস্থিতি সামাল দেন।
ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথেই নেটিজেনদের মধ্যে তীব্র কৌতূহল দানা বাঁধে—কে এই যুবক? খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া সেই যুবকের নাম আদনান আজাদ। বহুমুখী প্রতিভার অধিকারী আদনান অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বন্যপ্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও বেশ পরিচিত।
আদনান আজাদের সাথে অপু বিশ্বাসের পুরনো যোগসূত্রও রয়েছে। প্রায় দেড় যুগ আগে ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয়েছিল আদনানের। সেখানে আদনানের বিপরীতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। সেই সিনেমার পর অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডের শীর্ষ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও, আদনান বড় পর্দায় নিয়মিত হতে পারেননি। এদিকে শাকিব খানের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদের নানা ঘটনায় অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন। নতুন এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে প্রেমের ও বিয়ের গুঞ্জন শুরু হয়েছে।