বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি শখের বশে গানও করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি একক কনসার্টে গান পরিবেশন করতে যাচ্ছেন। ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই কনসার্টটি আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানটির আয়োজন করেছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট। কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার এবং ভিআইপি টিকিটের মূল্য ৩০০ ডলার।
নিজের একক সংগীত পরিবেশনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের। বিভিন্ন সময় বন্ধুদের আড্ডায় গান গেয়েছি, অনেক ঘরোয়া আয়োজনেও গান গাইতে হয়েছে। আমার অভিনীত বেশ কয়েকটি নাটকে আমার কণ্ঠে গান রয়েছে। আমেরিকার এই আয়োজনে আমাকে পরিপূর্ণ সম্মান দিয়ে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে আমি আমার পছন্দের শিল্পীদের গানগুলো গাওয়ার চেষ্টা করব। মাঝে হয়তো নিজের গাওয়া নাটকের একটি গানও গাইব।
তিনি আরও বলেন, যারা এই একক কনসার্টের আয়োজন করেছেন, তারা আগামীতে অন্য শিল্পীদেরও প্রাপ্য সম্মান দিয়ে গান গাওয়াবেন বলে আমি বিশ্বাস করি। দারুণ একটি আয়োজনে আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই। আমার পরে যারা এখানে গান করবেন, তাদের জন্যও এটা ভালো কিছু হবে বলে আশা করছি। আপাতত যে গানগুলো করব, সেগুলো নিয়ে প্র্যাকটিস করছি।