মোদি সরকারের বিরুদ্ধে ভারতজুড়ে চলা টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের পর নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের মুক্তি দেওয়া এবং তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজিপি)। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের দাবিগুলো পূরণ করা না হলে মঙ্গলবার থেকে দেশজুড়ে আবারও কঠোর আন্দোলন কর্মসূচি শুরু হবে।
এর আগে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের টানা অবস্থান কর্মসূচি স্থগিত করেছিল অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন এই আন্দোলন। তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জীতেন্দ্র সিংয়ের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের ওপর পুলিশি অ্যাকশন না নেওয়ার যে চুক্তি হয়েছিল, তা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে।
আশুতোষ রাঙ্কা আরও জানান, বিহার ও বাংলা থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দিল্লির লজিস্টিক সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের ওপর নজরদারি ও হেনস্তার খবর পাওয়া যাচ্ছে। তিনি অবিলম্বে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার, শিক্ষার্থীদের মুক্তি এবং নতুন করে কোনো আইনি মামলা না করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে, সরকারের সঙ্গে হওয়া লিখিত সমঝোতা এবং তা বাস্তবায়নের সময়সূচি মঙ্গলবারের মধ্যে প্রকাশের আলটিমেটাম দিয়েছে সিজিপি।