নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে অবৈধভাবে স্পিডবোটে করে পালানোর চেষ্টাকালে ৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে তিনটি পৃথক পরিবারের সদস্যরা রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রবিবার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে ভাসানচরের ১১২ নম্বর ডিউটি পোস্ট সংলগ্ন বঙ্গোপসাগরে একটি স্পিডবোটে কয়েকজন রোহিঙ্গার সন্দেহজনক ঘোরাঘুরি লক্ষ্য করেন সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা। বিষয়টি আঁচ করতে পেরে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা মিলে দ্রুত একটি যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই স্পিডবোট থেকে তিন পরিবারের মোট ৯ রোহিঙ্গাকে তাদের সাথে থাকা বিভিন্ন মালামালসহ হাতেনাতে আটক করা হয়। এই যৌথ অভিযানে সরাসরি নেতৃত্ব দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্য সিপাহি মো. আবদুর রহমান, পুলিশের নায়েক মো. আজমুল এবং কনস্টেবল মো. আবু বকর।
আটক করার পর ওই রোহিঙ্গা নাগরিকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হয়। এরপর তাদের পুনরায় ভাসানচরের নির্ধারিত আবাসন এলাকায় ফিরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের সার্বিক নিরাপত্তা রক্ষায় আনসার ও পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের এই সমন্বিত তৎপরতার কারণেই পালানোর এই প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।