ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক আলোচনা আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টদের বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ডোনাল্ড ট্রাম্প জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হতে পারে। আগামী ৩ আগস্ট বিকেল থেকে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই উদ্যোগের বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি এটি করতে চাই। এর ফলে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে এবং অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ এড়ানো যাবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যেকোনো সময় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। তবে তিনি সামরিক সংঘাতের চেয়ে সমঝোতাকেই প্রাধান্য দিচ্ছেন। ট্রাম্প বলেন, ‘আমরা যখন চাই তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না, কারণ এতে অনেক প্রাণহানি ঘটে।’
আলোচনার স্বার্থে একটি বড় ধরনের সামরিক পদক্ষেপ থেকে সরে আসার কথাও জানান ট্রাম্প। তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের সঙ্গে আলোচনার পর শুক্রবারের জন্য নির্ধারিত একটি ‘বড় ধরনের হামলা’ বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।
একই সঙ্গে হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে একটি সমঝোতা এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে একটি ফলপ্রসূ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।