হরমুজ প্রণালির ওপর বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইরানের বর্তমান পরিস্থিতি বেশ ভালো এবং হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তিনি জোর দিয়ে বলেন, অন্য কেউ নয়, বরং কেবল যুক্তরাষ্ট্রই এটি নিয়ন্ত্রণ করছে। মার্কিন নৌবাহিনীর সক্ষমতার প্রশংসা করে ট্রাম্প বলেন, তাদের নৌবাহিনী অবিশ্বাস্য এবং দেশের জন্য সবকিছু দারুণভাবে এগোচ্ছে।
তবে ইরানকে নিয়ে নিজের অবিশ্বাসের কথা পুনরায় স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে বিশ্বাস করার ক্ষেত্রে তিনি শেষ ব্যক্তি এবং তারা তার সঙ্গে বারবার মিথ্যা বলেছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প পুনরায় দাবি করেন যে, এই মুহূর্তে সেখানে ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই, বরং পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের আয়ত্তে রয়েছে।