তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে নিয়মিত প্রশিক্ষণ মিশন চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, দুর্ঘটনার আগে পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেয়ার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মন্ত্রণালয় জানিয়েছে, বিস্তারিত তদন্তের পরই দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হবে।
তুরস্কের সংবাদমাধ্যম এনটিভির সরাসরি সম্প্রচারে দুর্ঘটনাস্থল থেকে আগুনের গোলা এবং ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ও বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।