দেশের রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এর আগে, দুপুরে দলটির চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলের পক্ষে প্রস্তাবক হিসেবে ছিলেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে দুপুর ২টা ২৩ মিনিটে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে পৌঁছায়। এই প্রতিনিধি দলে গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও হাবিবুন নবী খান সোহেলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি সেখানে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।