দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে যাচ্ছে সরকার। এই ৫ কার্গোতে প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেত্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পেত্রোবাংলার পরিচালক জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি—এই তিন ধরনের উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে। গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতেই আগস্ট মাসের জন্য এই ৫ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে।
মিজানুর রহমান আরও উল্লেখ করেন, সব মিলিয়ে চলতি আগস্ট মাসে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে ইতিমধ্যে ৪টি কার্গো দেশে এসে পৌঁছেছে এবং বাকি ৫টি কার্গো চলতি মাসেই চলে আসবে। এই ৯টি কার্গোতে মোট এলএনজির পরিমাণ ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ। পেত্রোবাংলা সূত্রে জানা গেছে, আগস্টের জন্য আমদানিকৃত এলএনজির মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১টি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫টি এবং স্পট মার্কেট থেকে ৩টি কার্গো কেনা হয়েছে। বাকি চালানগুলো আগামী ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গত জুলাই মাসে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল, যার পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্যমতে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতারভিত্তিক কাতার অ্যানার্জি এবং ওমান সরকারের ওকিউ ট্রেডিং বাংলাদেশে এলএনজি সরবরাহ করে থাকে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে। এছাড়া প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করে থাকে সরকার।