বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারী বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। জনপ্রিয় এই অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন।
কসৌটি জিন্দেগি কি খ্যাত এই অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে যখন অনুরাগীরা চিন্তিত, ঠিক সেই সময়েই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে শুরু হওয়া রিয়্যালিটি শো দ্য ট্রেইটর্স-এর দ্বিতীয় সিজনে প্রতিযোগী হিসেবে রয়েছেন তিনি। করণ জোহরের সঞ্চালনায় এই শো-তে শ্বেতার অংশগ্রহণ নিয়ে আগে থেকেই সংশয় ছিল। শো-এর একটি প্রচারমূলক ভিডিওতে শ্বেতাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি দাবি করেন, স্বামীর প্রতারণা তিনি সহজেই ধরে ফেলতে পেরেছিলেন।
তার এই মন্তব্যের কয়েক দিন আগেই সাবেক স্বামী রাজা চৌধুরীর একটি সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে রাজা চৌধুরী শ্বেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। রাজা দাবি করেন, তাদের বিবাহিত জীবনে থাকাকালীন শ্বেতার একাধিক সম্পর্ক ছিল এবং অভিনেতা সিজান খানের সঙ্গেও অভিনেত্রীর সম্পর্ক ছিল বলে তিনি অভিযোগ করেন। রাজা চৌধুরী আরও জানান, এত বছর ধরে তিনি এই বিষয়গুলো নিয়ে চুপ ছিলেন, অথচ তাকেই বারবার বিভিন্ন অভিযোগের মুখোমুখি হতে হয়েছে।
করণ জোহরের সঞ্চালনায় এ রিয়্যালিটি শোর ২১ প্রতিযোগীর মধ্যে রয়েছেন তিনি।