‘টক্সিক’ ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই কিয়ারা আডবাণী ও যশের রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যের জন্য কিয়ারাকে নিয়ে নানা মহলে সমালোচনা চললেও, এবার সেই বিষয়ে সোজাসাপ্টা জবাব দিলেন দক্ষিণী তারকা যশ। কেবল কিয়ারা নয়, ছবিতে তারা সুতারিয়ার সঙ্গেও যশের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এমনকি একটি দৃশ্যে যশকে নগ্ন অবস্থায়ও দেখা গেছে।
তবে অভিনেতা এই সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তিনি স্পষ্ট করেছেন, যৌন দৃশ্য থাকলেও ছবিতে কোনো অশালীনতা নেই। যশের কথায়, অশালীনতা মোটেই সমর্থনযোগ্য নয়। তিনি দাবি করেন, দর্শকরা ভালো করে লক্ষ্য করলে বুঝবেন সেখানে কোনো চুম্বন দৃশ্য নেই এবং সব কিছুরই একটি নির্দিষ্ট সীমা বজায় রাখা হয়েছে। যৌনতার দৃশ্যগুলো কীভাবে শৈল্পিকভাবে ক্যামেরাবন্দি করা যায়, তা নিয়েও তিনি নিজের মতামত তুলে ধরেন।
যশ আরও বলেন, এই সিনেমাটি মূলত নতুন প্রজন্মের দর্শকদের জন্য নির্মিত। তাই দর্শকদের আরও উদার মন নিয়ে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। তার মতে, ‘টক্সিক’-এর প্রকৃত স্বাদ পেতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখা সবচেয়ে ভালো।
ছবির ‘তবাহী’ গানে যশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রী বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অনেকের প্রশ্ন, সন্তানের মা হয়ে কিয়ারা কীভাবে এমন চরিত্রে অভিনয় করলেন। এই বিষয়ে নায়িকার পাশে দাঁড়িয়ে যশ জানান, ঝলকে দর্শকরা কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন। পুরো ছবিতে কিয়ারার কাজ দর্শকদের আরও বেশি নজর কাড়বে বলে তিনি আশাবাদী। কিয়ারার নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করে যশ বলেন, অভিনেতা হিসেবে অনেক সময় নানা সমালোচনার মুখোমুখি হতে হয়, তবে নিজের বিশ্বাসের ওপর অটল থেকে কাজ করে যাওয়া জরুরি। সময়ের চেয়ে কিছুটা এগিয়ে থাকা এই কাজের প্রশংসা মানুষ শেষ পর্যন্ত করবে বলেই তিনি বিশ্বাস করেন।