"রক্ষা এবং সংরক্ষণ" স্লোগানকে সামনে রেখে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের শত বছরের মূল্যবান ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)। দেশের কোনো বিদ্যালয়ে প্রথমবারের মতো জাদুঘর তৈরির এই যুগান্তকারী পদক্ষেপটি একদল নিবেদিতপ্রাণ সাবেক গ্রেগরিয়ানদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল।
সম্প্রতি স্কুল প্রাঙ্গণে জাদুঘর নির্মাণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন টিজিএস-এর সহ-সভাপতি এবং ১৯৭৪ ব্যাচের শিক্ষার্থী রিজওয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি। এই আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ ব্যাচের রিচার্ড গোমেজ, স্কুলের শিক্ষকবৃন্দ ও টিজিএস-এর সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত গ্রেগরিয়ান সোসাইটির সদস্যরা এই জাদুঘর নির্মাণে আর্থিক ও অন্যান্যভাবে অবদান রেখেছেন। স্কুল প্রাঙ্গণে নির্মিতব্য এই জাদুঘরটি শিক্ষার্থীদের অর্জন এবং প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে। আগামী ১৩ নভেম্বর, ২০২৬ তারিখে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।