দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচ চলাকালে প্রতিপক্ষের রান তাড়ায় ইনিংসের ১৮তম ওভারে এই অঘটন ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির নিউজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বোলার আশিস মিনার করা একটি ডেলিভারিতে নিউ দিল্লির তরুণ ব্যাটার লক্ষ্য থারেজা সোজা ব্যাটে একটি জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন। উড়ে আসা বলটি মাটিতে ড্রপ খাওয়ার কোনো সুযোগ না পেয়ে সরাসরি অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের ডান গালের পাশে কানের ঠিক নিচে সজোরে আঘাত করে। বলের মারাত্মক আঘাতে মুহূর্তের মধ্যেই গালে হাত দিয়ে পিচে বসে পড়েন ধর্মেশ।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন ব্যাটার থারেজাও। নিজের শটে আম্পায়ার আহত হয়েছেন দেখে মাথায় হাত দিয়ে উইকেটে বসে পড়েন তিনি। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটার ও ফিল্ডাররা দ্রুত ভরদ্বাজের দিকে ছুটে আসেন। মুহূর্তেই মাঠের খেলার উত্তাপ রূপ নেয় চরম উৎকণ্ঠায়। প্রাথমিকভাবে আঘাতের ভয়াবহতা পুরোপুরি স্পষ্ট না হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভরদ্বাজের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তৎক্ষণাৎ তাকে দিল্লির একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষ করে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।