বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাঁকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণীয় একটি অভ্যর্থনা জানানো হবে, যা তাঁর প্রাপ্য। প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানাতে ভারতীয় কর্তৃপক্ষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, এই সফরের সুফল শেষ পর্যন্ত দুই দেশের সাধারণ মানুষের কাছেই পৌঁছাবে। রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে মঙ্গলবার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি এবং উভয় দেশের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দীনেশ ত্রিবেদী জানান, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে একজন চমৎকার জননেতা হিসেবে অভিহিত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির লোকসভার স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
হাইকমিশনার বলেন, গত ১০ আগস্ট তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে সপরিবার দিল্লি সফরের আমন্ত্রণ জানান। এরপর তিনি সরাসরি দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নরেন্দ্র মোদি তাকে বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রীর দ্রুত বৈঠক হওয়া প্রয়োজন। তিনি দীনেশ ত্রিবেদীকে নির্দেশ দিয়েছেন যেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানের সাথে অভ্যর্থনা জানানোর বিষয়টি নিশ্চিত করা হয়।
দুই দেশের মধ্যে বিদ্যমান ছোটখাটো ভুল-বোঝাবুঝি বা বাধা থাকলেও সম্পর্ক ছিন্ন হবে না বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের নীতি হলো ‘প্রতিবেশী প্রথম’ এবং অভিন্ন ইতিহাস ও সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। শর্তহীন পারস্পরিক বিশ্বাসই দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি বলে তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অনুষ্ঠানে বলেন, ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার হলেও বর্তমানে বিদ্যমান বাণিজ্য কাঠামো কিছুটা ভারসাম্যহীন। তিনি ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়ে বলেন, এটি সম্ভব হলে দুই দেশের বেসরকারি খাত আরও নিবিড়ভাবে কাজ করতে পারবে। সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি বাংলাদেশের পক্ষ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করে ভবিষ্যতে ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।