যুক্তরাষ্ট্র সফররত দৈনিক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরীকে ঘিরে নিউ ইয়র্কে প্রবাসী সাংবাদিকদের এক প্রাণবন্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ঘরোয়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। স্মৃতিচারণ, আড্ডা আর গণমাধ্যমভিত্তিক আলোচনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। মতিউর রহমান চৌধুরীর দীর্ঘ কর্মজীবনের সহকর্মীরা এ সময় তার সাংবাদিকতা দর্শন ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা মতিউর রহমান চৌধুরীকে কেবল একজন সম্পাদক নয়, বরং একজন অভিভাবক ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে অভিহিত করেন। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে অনেকেই নিজেদের সাংবাদিকতা জীবনের সেরা সময় বলে উল্লেখ করেন। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আপসহীন থাকার ক্ষেত্রে তিনি সবসময় তরুণ সাংবাদিকদের পথ দেখিয়েছেন বলে বক্তারা মন্তব্য করেন।
আলোচনায় অংশ নিয়ে মতিউর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়বদ্ধতার জায়গা। তিনি বলেন, সবার ভালোবাসা ও শ্রদ্ধা আমাকে নতুন করে কাজ করার সাহস জোগায়। সাংবাদিকদের মধ্যে বিদ্যমান বিভেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজনীতিবিদরা নানা ভাগে বিভক্ত, এমনকি দেশের স্বার্থেও তারা ঐক্যবদ্ধ নন। দুর্ভাগ্যবশত সাংবাদিকদের মধ্যেও আজ একই চিত্র দেখা যায়। তিনি বলেন, আমরা নিজেদের সাংবাদিক পরিচয় দেয়ার আগে রাজনৈতিক পরিচয় দিতেই বেশি ভালোবাসি, যা আজকের সংকটের মূল কারণ। এই পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ৫৫ বছরের স্বাধীন বাংলাদেশে আমরা একে অপরকে পেছন থেকে টানছি। বর্তমান সরকারের নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের রাজনীতি আমরা ঠিক করি না, বরং নিয়ন্ত্রিত হই। এই নিয়ন্ত্রণ থেকে বের হতে না পারলে বাংলাদেশ সঠিক পথে এগোবে না।
মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী প্রবাসে থেকেও সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখায় উপস্থিত সাংবাদিকদের প্রশংসা করেন এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মতিউর রহমান চৌধুরী ও মাহবুবা চৌধুরীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় এবং দৈনিক মানবজমিনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সিদ্দিকুর রহমান সুমন তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মনোয়ারুল ইসলাম ও মানবজমিনের সাবেক মহাব্যবস্থাপক আশরাফুল নওশাদের যৌথ উপস্থাপনায় সভায় এম. এম. শাহীন, শাহ নেওয়াজ, মুহম্মদ ফজলুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা, মঈনুদ্দীন নাসের, আনোয়ার হোসাইন মঞ্জু, আবু তাহের, ডা. ওয়াজেদ এ খান, ইব্রাহিম চৌধুরী খোকন, আকবর হায়দার কিরণ, শহীদুল ইসলাম, ফরিদ আলম, নিহার সিদ্দিকী, শফিকুল ইসলাম লুতু, দর্পণ কবীর, শওকত ওসমান রচি, মুজাহিদ আনসারী, রানো নেওয়াজ, আফরোজা ইসলাম, নাশরাত আর্শিয়ানা চৌধুরী, মনিজা রহমান, তোফাজ্জল লিটন, আপেল মাহমুদ, সাখাওয়াত হোসেন সেলিম, মেরি জোবাইদা, নাসিমা আক্তার শাহানা, অনিক রাজ, হাসান মাহমুদ, সায়েম আহমেদ, আবু বকর সিদ্দিক ও টিপু আলমসহ অনেকে বক্তব্য রাখেন।