সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা, অপহরণ, নির্যাতন এবং দালাল চক্রের প্রতারণাসহ নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাকে সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার দিচ্ছে।
সংসদের ওই অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার আনা এক মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ উত্থাপিত এই নোটিশে প্রবাসীদের সংকট দূরীকরণে ১০টি সুনির্দিষ্ট বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
নোটিশে প্রবাসীদের সমস্যা সমাধানে যে ১০টি দাবি জানানো হয়, তার মধ্যে রয়েছে—ই-পাসপোর্ট জটিলতা নিরসন, সৌদি আরবে প্রবাসীদের ওপর নির্যাতন ও অপহরণ বন্ধ, দালালদের প্রতারণা ঠেকানো, দক্ষ জনশক্তি গড়ে তোলা, গামকা মেডিকেল টেস্টের অনিয়ম দূর করা, বিএমইটির দুর্নীতি প্রতিরোধ, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, অতিরিক্ত অভিবাসন খরচ কমানো, দূতাবাস থেকে সরাসরি সহায়তা প্রদান এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের জন্য সরকারি সাহায্য নিশ্চিত করা।
নোটিশদাতা সংসদ সদস্যের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া গভীর পড়াশোনা ও গবেষণার মাধ্যমে প্রবাসীদের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরেছেন। প্রবাসীদের এসব সমস্যা অস্বীকার করার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতিতেও প্রবাসীদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তাই সরকার তাদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।