পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবি। ২৮ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর নেটদুনিয়ায় আয়েশা গিলামানা নামেও পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল ১৩ লাখেরও বেশি। রাওয়ালপিন্ডির তক্ষশীলা শহরে এই নৃশংস ঘটনাটি ঘটে।
নিহত শামসো বিবির ভাই নিয়ামাতুল্লাহ জানান, ঘটনার দিন কাশিফ নামের এক যুবকের ফোন পেয়ে তিনি এবং তার বোন আসিমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন শামসো। এর কিছুক্ষণ পরই একটি পেট্রোল পাম্পের কাছে বাইকে আসা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শামসো বিবির মৃত্যু হয় এবং তার বোন আসিমা গুরুতর আহত হন।
শামসোর পরিবারের অভিযোগ, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির কাছে টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে আগে থেকেই খুনের হুমকি পাচ্ছিলেন এই তারকা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে তার ওপর হামলার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যা ব্যাপক ভাইরাল হয়েছে, যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিনোদন জগতের এই উজ্জ্বল তারকার নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তার পরিবার ও ভক্তরা।