দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি। বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে তাকে প্রিজন ভ্যানে করে ঢাকার কলাবাগানের বাসার উদ্দেশ্যে নিয়ে আসা হয়।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ বুধবার জেলা প্রশাসকের কাছে প্যারোলের জন্য আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতেই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে। জেল সুপার আরও বলেন, কারাগারের নিয়ম মেনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য যে, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর ডা. দীপু মনি ঢাকার কলাবাগানের বাসায় যাবেন, যেখানে মরহুমের মরদেহ রাখা হয়েছে। এই বাড়িতেই তৌফিক নেওয়াজের সঙ্গে দীপু মনির প্রথম দেখা হয়েছিল। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছিল।