সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত এই প্যারোলের মেয়াদ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। জানা গেছে, বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের মুক্তির জন্য তানি দীপাবলি মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করেন। দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন এবং এরপর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্যারোলে মুক্তি পাওয়ার পর দীপু মনি ঢাকায় পৌঁছাবেন। এরপর তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে ৬০টির বেশি মামলা রয়েছে।