মুম্বাইয়ের একটি পারিবারিক আদালতে বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজার যাওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামনে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, তবে কি এই তারকা দম্পতির দীর্ঘদিনের সংসারে ভাঙন ধরছে? গত কয়েক দিন ধরে তাদের মধ্যকার মনোমালিন্য ও বাগ্বিতণ্ডার খবরের জেরে এই বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। তবে এই জল্পনা-কল্পনার আসল সত্যটি শেষ পর্যন্ত প্রকাশ্যে এনেছেন গোবিন্দের সহকারী শশী সিনহা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শশী সিনহা জানান, সুনীতা আহুজা আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করতে যাননি, বরং আগে করা একটি মামলা প্রত্যাহার করতেই সেখানে গিয়েছিলেন। পারিবারিক বিষয় এভাবে প্রকাশ্যে আসায় এবং আদালত পর্যন্ত গড়ানোয় নিজের হতাশা প্রকাশ করেন তিনি। শশী সিনহা বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হতেই পারে, তবে সম্পর্কের অনেক কিছুই আলোচনার মাধ্যমে মিটে যায়। ব্যক্তিগত বিষয়গুলো পরিবারের ভেতরেই থাকা উচিত এবং এর জন্য পুরো পৃথিবীকে জানানোর কোনো প্রয়োজন ছিল না বলে মনে করেন তিনি। তার মতে, ‘ঝগড়া তো হতেই পারে! তবে সম্পর্ক চলতেই থাকে।’
মামলা যদি প্রত্যাহারই করতে হতো, তবে তা কেন করা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে গোবিন্দের এই সহকারী কিছুটা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, এই ধরনের লোকদেখানোর কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে, স্ত্রীর আদালতে যাওয়া এবং চলমান এই পরিস্থিতি নিয়ে অভিনেতা গোবিন্দের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শশী সিনহা জানান, এই মুহূর্তে গোবিন্দের কোনো প্রতিক্রিয়া নেই। যেহেতু ঘটনাটি একদমই নতুন, তাই তিনি চুপ আছেন। সবার শুভবুদ্ধির উদয় কামনা করে সহকারী বলেন, ‘গোবিন্দের এখন কোনো প্রতিক্রিয়া নেই। সবে এ ঘটনা ঘটেছে। এখনই তার কোনো প্রতিক্রিয়া নেই। ঈশ্বর সবাইকে সুবুদ্ধি দিন। সবাই যেন বিচক্ষণতার সঙ্গে কাজ করেন।’