মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে এই তালিকা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ শহীদ হয়েছেন। তবে স্বাধীনতার পর শহীদদের একটি নিরপেক্ষ ও সঠিক তালিকা প্রণয়নের দায়িত্ব যারা পেয়েছিলেন, তারা তা যথাযথভাবে পালন করতে পারেননি। বরং সেই সময় তালিকা প্রণয়নের প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত হয়েছিল। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে গবেষণাভিত্তিক একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছিল, যা এখন গুরুত্বের সাথে বাস্তবায়ন করা হচ্ছে।
সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বন্দরের সক্ষমতা বাড়াতে সরকার বে-টার্মিনাল বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। এটি চালু হলে বড় আকারের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে, যা আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনবে। চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতে ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ টুর্নামেন্ট পুনরায় চালু করা হবে। এই টুর্নামেন্টে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবে।