আক্রমণভাগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন পরিকল্পনা সাজাচ্ছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রাথমিক লক্ষ্য ছিল হুলিয়ান আলভারেজ, তবে আতলেতিকো মাদ্রিদ তাকে ছাড়তে রাজি না হওয়ায় সেই সম্ভাবনা এখন প্রায় ক্ষীণ। এই পরিস্থিতিতে বার্সা কোচ হান্সি ফ্লিকের নতুন পছন্দ এখন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গাতোর তথ্যমতে, বার্সেলোনা ইতোমধ্যেই লাউতারোর সঙ্গে ব্যক্তিগত শর্তাবলী নিয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছে। বার্সার ক্রীড়া পরিচালক দেকোর উপস্থিতিতে লাউতারোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর চুক্তির বিষয়গুলো প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। এখন ইন্টার মিলানের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে বার্সেলোনা। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই প্রস্তাব পাঠানো হতে পারে, তবে ধারণা করা হচ্ছে তা ১০ কোটি ইউরোর নিচে থাকবে।
তবে লাউতারোকে দলে ভেড়ানোর পথে বার্সেলোনার বড় বাধা ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। তারা তাদের অধিনায়ককে কোনোভাবেই বিক্রি করতে রাজি নয়। এছাড়া ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে মাত্র ১০ দিন বাকি থাকায়, এই সময়ের মধ্যে লাউতারোকে ছেড়ে দিলে নতুন স্ট্রাইকার খুঁজে পাওয়া ইন্টারের জন্য কঠিন হবে। ফলে এই দলবদল বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা এখনো কিছুটা কম।
তবুও বার্সেলোনা তাদের আগ্রহ ধরে রেখেছে। ইন্টারের হয়ে ৩৭৬ ম্যাচে ১৭৫ গোল ও ৫৬ অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ডকে বার্সার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হচ্ছে। তবে ব্যক্তিগত পর্যায়ে সমঝোতা হলেও ইন্টার মিলানকে রাজি করানোই এখন কাতালান ক্লাবটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।