নতুন সরকারের প্রথম ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে ভুল তথ্য দেওয়ার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মঙ্গলবার সিপিডির অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট ‘নতুন সরকারের প্রথম ছয় মাস : একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে শিল্প ও বাণিজ্যবিষয়ক অধ্যায়ে একটি ভুল তথ্য স্থান পেয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল যে, জানুয়ারি থেকে আগস্ট সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জ-নরসিংদীর তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ হয়েছে এবং ৬১ হাজার ৮৮১ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
সিপিডি জানায়, এই তথ্যটি ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছিল। তবে প্রতিবেদনটি তৈরির সময় তারা মূল উৎস যাচাই করেনি। পরবর্তী সময়ে দেখা যায়, ঢাকা ট্রিবিউনের ওই প্রতিবেদনে ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের সময়কাল পরিবর্তন করে জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছিল। ভুলটি নজরে আসার পর ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে ঢাকা ট্রিবিউন তাদের প্রতিবেদন সংশোধন করে। এই বিভ্রান্তি তৈরির জন্য সিপিডি দুঃখ প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের গবেষণা প্রক্রিয়ায় সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমের প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করা হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও নেতাদের শিল্পকারখানা বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে উদ্বেগ তৈরি হওয়ায় বিষয়টি অর্থনৈতিক পর্যালোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। সিপিডি মনে করে, তথ্যে বিভ্রান্তি থাকলেও শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের জায়গাটি এখনো বিদ্যমান, যার প্রতি সরকারের নজর দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়াতে গবেষণা দলটি আরও সতর্ক থাকবে বলে জানিয়েছে। একই সঙ্গে বিষয়টি নজরে আনার জন্য ফ্যাক্টচেক সংস্থা দ্য ডিসেন্টকে ধন্যবাদ জানিয়েছে সিপিডি।