মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি নিয়ে ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার নয়া দিল্লিতে মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সব ক্ষেত্রেই ভারত তাদের নিরাপত্তার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেয় এবং নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ দেখিয়েছিলেন। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিষয়টিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে বলেন, এই চুক্তি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরও উল্লেখ করেন যে, এ চুক্তিতে যোগদানের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি; এটি চুক্তির বর্তমান সদস্যদের অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে বাংলাদেশ নিশ্চয়ই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।
ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলা এবং এ বিষয়ে বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন করা হয়। রণধীর জয়সোয়াল এ বিষয়ে কোনো বিরূপ মন্তব্য না করে জানান, আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব এবং তাদের সেই দায়িত্ব পালন করা উচিত।