আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি উন্নত ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। মার্কিন ও ন্যাটোর সেনাদের বিরুদ্ধে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সময়কার যে কঠোর নীতি ছিল, সেটি থেকে সরে আসতে চায় তালেবান। এখন আর তাদের মধ্যে আগের মতো কোনো শত্রুতাপূর্ণ মনোভাব নেই বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (২৯ আগস্ট) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ ভারতীয় একটি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য প্রকাশ করেছে। জাবিহুল্লাহ মুজাহিদ এ প্রসঙ্গে বলেন, “আফগানিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চায় এবং আমরা যুদ্ধকালীন নীতিও পরিবর্তন করতে চাই।” তিনি আরও যোগ করেন, তারা চান আফগানিস্তানে মার্কিন দূতাবাস পুনরায় তাদের কার্যক্রম শুরু করুক এবং ওয়াশিংটনে আফগান দূতাবাসের কার্যক্রমও একইভাবে চালু হোক। দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠিত হওয়াটাই তাদের বর্তমান লক্ষ্য।
এই অঞ্চলে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহের পক্ষে নয় আফগানিস্তান, এমনটিই জানিয়েছেন মুজাহিদ। এছাড়া সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার মক্কা চুক্তি নিয়ে কোনো উদ্বেগ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই দেশগুলোর সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, তাই এ নিয়ে তাদের উদ্বেগের কিছু নেই। বরং মুসলিম দেশগুলোর মধ্যে কোনো জোট গঠিত হলে তা মুসলিম উম্মাহর শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া মার্কিন ও ন্যাটোর সেনাদের বিরুদ্ধে দীর্ঘ ২০ বছর যুদ্ধ করার সময় যে নীতি ছিল সেটিও পরিবর্তন চান বলে জানান তিনি।