রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটা এই ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য মো. মনির হোসেন এবং তাঁর ভাগনে রাসেল মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অটো সজলের লোকজনকে মারধর করেন। এর পরপরই মনির হোসেন ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন এবং নিজের কাছে থাকা অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ তিনজন হলেন চা-দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং আশা আক্তার (২০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, আলমগীরের মাথায়, সিয়ামের বুকের বাঁ পাশে এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। আহত আলমগীরের বাবা সাইদুল ইসলাম জানান, আলমগীর বাসায় ছিলেন এবং কাউকে তাকে ডাকলে তিনি বাইরে বের হয়ে চা-দোকানের দিকে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক মো. রিপন জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।