বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের অপর নামই হচ্ছে বিএনপি।
বাণীতে দলের গৌরবময় ইতিহাস স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে (রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে) স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে বহুমাত্রিক গণতন্ত্র ও নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর অধিকার ফিরিয়ে দেন, যার ধারাবাহিকতায় বিএনপির জন্ম হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারেক রহমান। একই সাথে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বেগম খালেদা জিয়া তার অনন্য ব্যক্তিত্ব ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বিএনপিকে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। তিনি উল্লেখ করেন, জনগণ যখনই অবাধে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিভিন্ন মেয়াদে ক্ষমতায় থাকাকালীন সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার প্রসারসহ নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল বিএনপি সরকার।
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই ভালোবাসার প্রতিদান দেওয়া হবে। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দলের প্রতিটি নেতাকর্মী আগামী দিনেও দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।