রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
প্রাথমিক তথ্যানুযায়ী, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু হয়। নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।
দুর্ঘটনার পরপরই আহত ও নিহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আইএসপিআর পরিচালক সাংবাদিকদের জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই প্রতীয়মান হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।