আজ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকার রমনা পার্কে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। মৎস্য অবমুক্তকরণে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনার সভা আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি তাঁর সহধর্মিণী খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে আসেন এবং দীর্ঘ সময় চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।