বাংলাদেশের চিকিৎসা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো বিশেষায়িত সার্জিক্যাল রোবটের মাধ্যমে সফলভাবে দুটি অস্ত্রোপচার সম্পন্ন করেছে ইউনাইটেড হেলথকেয়ার। গত ৩১ আগস্ট (সোমবার) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’-এর সাহায্যে এ অস্ত্রোপচার দুটি সম্পন্ন হয়।
প্রথম অস্ত্রোপচারে ৫৭ বছর বয়সী এক পুরুষের পিত্তথলির পাথর অপসারণে (রোবোটিক কোলেসিস্টেকটমি) নেতৃত্ব দেন হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। দ্বিতীয় অস্ত্রোপচারে ৪৫ বছর বয়সী এক নারীর জরায়ু অপসারণ (রোবোটিক হিস্টেরেকটমি) সম্পন্ন করেন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলি।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ার পর এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় নীতিমালা তৈরি করে সম্প্রতি ইউনাইটেড হেলথকেয়ারসহ দুটি বেসরকারি হাসপাতালকে রোবোটিক সার্জারির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৪ সালে হৃদরোগ হাসপাতালে প্রদর্শনীমূলক আংশিক রোবটিক প্রযুক্তির ব্যবহার হলেও, সরাসরি রোবটের সাহায্যে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক অস্ত্রোপচার হিসেবে এটিই দেশের প্রথম সফল ঘটনা।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, রোবোটিক সার্জারিতে প্রচলিত পদ্ধতির চেয়ে দুই থেকে তিন গুণ বেশি খরচ হলেও এর নির্ভুলতা, দ্রুত নিরাময় ও নিরাপত্তা অনবদ্য। এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা অনেকাংশে কমবে, যা দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। অদূর ভবিষ্যতে হৃদরোগ, নিউরো, ইউরোলজি ও থোরাসিক বিভাগেও রোবোটিক সার্জারি কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।