ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো মার্কিন ভারী বিমান হামলার জেরে একটি ক্যানসার হাসপাতাল খালি করতে বাধ্য হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই সামরিক পদক্ষেপকে ইরান ‘বর্বরোচিত হামলা’ হিসেবে নিন্দা জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর চালানো যুক্তরাষ্ট্রের এই হামলা ইসরাইলের নৃশংস আক্রমণের স্মৃতি মনে করিয়ে দেয়। বাঘাই বলেন, এই বর্বরোচিত হামলায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা চরম আতঙ্ক ও ভোগান্তির শিকার হয়েছে।
মুখপাত্র আরও জানান, হামলার ফলে হাসপাতাল থেকে কেমোথেরাপি নেওয়া ২১১ জন রোগীকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। তবে ইরানের এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।