ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করার আহ্বান জানান তিনি।
সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন আইজিপি। একইসঙ্গে দ্রুত পরিবর্তনশীল অপরাধপ্রবণতা মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ও সাইবার অপরাধ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, তাদের সন্তানরা আজ থেকে রাষ্ট্র সেবার এক গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ লাভ করল। তিনি ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শকে ধারণ করে দেশসেবার মহান ব্রতে আত্মনিয়োগের জন্য নবীন কর্মকর্তাদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন এবং সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।