এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবি এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন যে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়ান জানান, জনদুর্ভোগ ও বৃষ্টির কথা বিবেচনা করে সেদিনের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন না, বরং সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষামন্ত্রী বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও একটি পুরো ব্যাচের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট করেছেন যে, তারা কোনো ধরনের রাজনীতি করতে মাঠে নামেননি, বরং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। ভবিষ্যতে আন্দোলনে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে অংশ নিতে দেওয়া হবে না বলেও তারা জানান। যারা সরকার পতনের স্লোগান দিয়েছেন বা আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন, তারা সবাই বহিরাগত বলে দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের ফেসবুক পেজের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তারা উল্লেখ করেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে এমসিকিউ ও সিকিউ পরীক্ষার নম্বর সমন্বয় করে পাস নম্বর নির্ধারণ করা এবং যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা। একইসঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিও তাদের কর্মসূচির অন্যতম প্রধান অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে।