প্রতিকূল আবহাওয়া, কৃষ্ণসাগর অঞ্চলে চলমান যুদ্ধ এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিরতার কারণে আগস্ট মাসে বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের শেষের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
এফএও’র ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, আগস্ট মাসে এই সূচকটি ১৩৩.৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা জুলাইয়ের সংশোধিত ১৩০.৮ পয়েন্টের তুলনায় বেশ খানিকটা বেশি। ২০২২ সালের নভেম্বরের পর এটিই সর্বোচ্চ সূচক। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের মার্চে যে রেকর্ড সর্বোচ্চ দাম উঠেছিল, বর্তমান বাজারমূল্য তার চেয়ে এখনো প্রায় ১৭ শতাংশ কম।
এফএও’র প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো এই পরিস্থিতিকে একটি সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, জলবায়ুজনিত দুর্যোগ, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় বাধার মতো বিষয়গুলো একসঙ্গে খাদ্য সরবরাহ কমিয়ে দিচ্ছে।
আগস্ট মাসে পাঁচটি প্রধান পণ্য—শস্য, ভোজ্যতেল, চিনি, মাংস এবং দুগ্ধজাত পণ্যের দামই বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে চিনির দাম। ব্রাজিলের উৎপাদন হ্রাস এবং ইউরোপ ও এশিয়ার প্রতিকূল আবহাওয়ার প্রভাবে চিনির মূল্যসূচক ১১.৯ শতাংশ বেড়ে ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এছাড়া শস্যের মূল্যসূচক ২.২ শতাংশ বেড়ে ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভোজ্যতেলের দাম ০.৬ শতাংশ বেড়ে ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ স্তরে অবস্থান করছে।
ইউরোপের খরা ও তীব্র গরম ভুট্টা ও চিনিবিটের উৎপাদন ব্যাহত করেছে। অন্যদিকে, এশিয়ায় শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পাম তেল ও চিনি উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়ছে। একইসঙ্গে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে কৃষ্ণসাগর অঞ্চলে শস্য পরিবহন বাধাগ্রস্ত হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে সার সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় তৈরি হওয়া চাপ বিশ্ববাজারকে আরও অস্থির করে তুলেছে।