বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ১/১১ থেকে শুরু করে দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র হয়েছে। তিনি অভিযোগ করেন যে, বিএনপিকে সরিয়ে বাংলাদেশকে একটি কুক্ষিগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদীর তাঁত প্রশিক্ষণ ইন্সটিটিউট হল রুমে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, তবে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি।
এলজিআরডি মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতির সূচনা করেছিলেন তা ছিল উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। বর্তমান বাংলাদেশের মূল অর্থনীতির মেরুদণ্ড তিনিই তৈরি করেছিলেন। বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া প্রয়োজন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ তাদের অধিকার রক্ষায় জিয়াউর রহমান যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
ড. মঈন খান বলেন, জিয়াউর রহমান জাপানকেও পেছনে ফেলে বিশ্বনেতা হয়েছিলেন। বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার সময় একটি কুচক্রী মহল তাকে হত্যা করে। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা দেশকে সামনের দিকে নিয়ে যেতে চান। বিগত ১৭ বছরের ধ্বংসস্তূপ থেকে দেশকে উত্তরণ করা হবে এবং আগামীতে পাঁচটি ধাপের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো পুনরুদ্ধারে কাজ চলমান রয়েছে।
নরসিংদী সদর আসনের এমপি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনের সাংসদ মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং সংরক্ষিত আসনের সাংসদ শিরিন সুলতানা প্রমুখ। সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচিত সকল বক্তব্য পালনে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।