ডেঙ্গুর বিস্তার রোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী সভায় ডেঙ্গু মোকাবিলায় কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না থেকে জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বাড়িঘর ও চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনগণকে সচেতন করার ওপর জোর দেন।
পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে স্থানীয় পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করতে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক, বিএনসিসি, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট কর্মীদের কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাঠ পর্যায়ে এই কার্যক্রমের প্রতিফলন থাকতে হবে এবং সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। একইসঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে, যাতে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি হ্রাস পায়।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।