নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করে ১১৪ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় লঙ্কানরা।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। দলের পক্ষে জুয়ারিয়ারা ফেরদৌস ১০ বলে ১৪ রান করেন এবং ওপেনার দিলারা আক্তার ২৬ বলে চারটি চারের সাহায্যে ২৬ রান সংগ্রহ করেন।
রান তাড়ায় নেমে শ্রীলঙ্কা শুরুতেই বিপদে পড়ে। পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। লঙ্কান অধিনায়ক চামারি আত্তাপাত্তুকে প্রথম ওভারের শেষ বলে ফেরান মারুফা আক্তার, আর ক্যাচটি তালুবন্দি করেন ফাহিমা খাতুন। তৃতীয় ওভারে ইমেশা দুলানিকে আউট করে নিজের দ্বিতীয় শিকার ধরেন মারুফা। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে স্পিনার সুলতানা খাতুন ফেরান সঞ্জনা কাভিনদিকে।
পরের চার ওভারে আরও ২ উইকেট হারিয়ে ৪৪ রানে ৫ উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা। এক পর্যায়ে বাংলাদেশের জয় নিশ্চিত মনে হলেও হারশিতা সামারাবিক্রমা ও নিলাকসিকা সিল্ভার ৩৮ রানের জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় টাইগ্রেসদের। ১৭তম ওভারে মারুফা আক্তার এই জুটি ভাঙলে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগে। তবে শেষ দিকে রিতু মনি ও নাহিদ আক্তারের ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় লঙ্কানরা। শেষ পর্যন্ত ২১ রানে ৩ উইকেট নিয়ে মারুফা আক্তার দুর্দান্ত বোলিং করলেও দলের হার এড়ানো সম্ভব হয়নি।
এই পরাজয়ের ফলে এখন সেমিফাইনালে জায়গা করে নিতে হলে শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতির দলের সামনে।