প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ২৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় যাত্রীবাহী বাস উল্টে এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম আব্দুল আলিম (৪০)। তিনি চট্টগ্রাম জেলার বারইয়ারহাট পৌরসভার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। আব্দুল আলিম সিলেট কাস্টমস অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাতনামা চলন্ত ট্রাক হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসের চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে গাড়িটি ডান পাশের রোড ডিভাইডারের ওপর তুলে দেন এবং এতে বাসটি উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় তারা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাস্টমস কর্মকর্তা আব্দুল আলিমের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়, তবে ঢাকামুখী লেনে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। মহিপাল হাইওয়ে থানার এসআই কবির হোসেন জানান, দুটি রেকার ব্যবহার করে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।