বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলাম। রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।
বিপিসির চেয়ারম্যান পদে সাম্প্রতিক বেশ কিছু পরিবর্তনের ধারাবাহিকতায় ড. রফিকুল ইসলামকে এই দায়িত্ব দেওয়া হলো। এর আগে গত ২৬ জুলাই বিপিসির তৎকালীন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর প্রায় এক সপ্তাহ পদটি খালি থাকার পর ২ আগস্ট জিয়াউল হককে বিপিসিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর ৫ দিন পর ৭ আগস্ট জিয়াউল হককে পদোন্নতি দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব করা হয়।
পরবর্তীতে ৫ দিন পদটি খালি থাকার পর গত ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সবশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ড. মো. রফিকুল ইসলামকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো।