সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে দুইজন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৭৯ জন প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৭৪ জনের শরীরে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং মোট ১৪ হাজার ১০৪ জনের হাম শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ২৭৫ জন।