এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারল না পাকিস্তান। ইংল্যান্ডের পেসারদের তোপের মুখে পড়ে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে গেছে বাবর আজমের দল। হেডিংলি ও লর্ডসে বাজে ব্যাটিংয়ের কারণে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে ছিল সফরকারীরা। ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে শেষ টেস্টের আগে দলে সাতটি পরিবর্তন এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ চার পরিবর্তনের দিনে তিন ক্রিকেটারের অভিষেকও করানো হয়েছিল। তবে এত কিছু করেও দলের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি; ব্যাটিং ব্যর্থতার চেনা বৃত্তেই বন্দি রইল তারা।
ইনিংসের শেষ দিকে মোহাম্মদ আব্বাসকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন মোহাম্মদ আলী। তবে তাদের এই জুটি ইংল্যান্ডকে খুব বেশি সময় ভোগাতে পারেনি। জোফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে মোহাম্মদ আব্বাস ক্যাচ দিয়ে ফিরলে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। তবে জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। মাত্র ২৯ রান তুলতেই স্বাগতিকরা তাদের প্রথম সারির দুই উইকেট হারিয়ে ফেলেছে।