ইরান দাবি করেছে যে, আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষার একটি পদক্ষেপ হিসেবেই হরমুজ প্রণালি বন্ধ রাখা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার এ কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ ও অর্থনৈতিক অবরোধের মুখে ইরান বর্তমানে একটি যুদ্ধের পরিস্থিতির মধ্যে রয়েছে। বাঘাই আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণেই ইরান নিয়ন্ত্রিত এই গুরুত্বপূর্ণ প্রণালিটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে তারা।
কূটনীতির বিষয়ে ইরান এখনো উন্মুক্ত বলে উল্লেখ করলেও ইসমাইল বাঘাই স্পষ্ট করেছেন যে, যারা আলোচনায় আগ্রহী নয়, তাদের সঙ্গে আলোচনা করা সম্ভব নয়। তিনি যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন। এদিকে, আগামী সোমবার ওমানে ইরান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া, বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ পথ তৈরির বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সাম্প্রতিক আলোচনার অগ্রগতিও সেখানে পর্যালোচনা করা হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে অবরোধ এখনো কার্যকর রয়েছে। গত ১৪ জুলাই থেকে পুনরায় অবরোধ শুরুর পর এ পর্যন্ত ৯৯টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর আগে জুনের মাঝামাঝি সময়ে অবরোধের প্রথম ধাপে ১৯৪টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয় এবং নয়টি জাহাজ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তবে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে।