লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডনে (টিএফএল) বড় ধরনের সাইবার হামলার ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি থালহা জুবায়ের ও তার ব্রিটিশ সহযোগী ওয়েন ফ্লাওয়ার্সকে ৫ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন। ২০ বছর বয়সী থালহা জুবায়ের এবং ১৮ বছর বয়সী ওয়েন ফ্লাওয়ার্স উভয়ই টিএফএল হ্যাক করার কথা স্বীকার করেছেন।
এই সাইবার হামলার কারণে টিএফএলের ডিজিটাল অবকাঠামো কয়েক দিনের জন্য প্রায় অচল হয়ে পড়েছিল, যার ফলে গুরুত্বপূর্ণ অনলাইন সেবা বন্ধ হয়ে যায় এবং যাত্রীসেবা মারাত্মকভাবে স্থবির হয়ে পড়ে। এই হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংস্থাটির প্রায় ২৯ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে এবং পুরো সিস্টেম ঠিক করতে প্রায় ৬ মাস সময় লেগেছে।
তদন্তে উঠে এসেছে যে, টিএফএল সিস্টেমে প্রবেশাধিকার পাওয়ার পর জুবায়ের ও ফ্লাওয়ার্স ২০২৪ সালের ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করে হ্যাকিং কার্যক্রম চালিয়েছেন। জুবায়ের পূর্ব লন্ডনে তার বাবা-মায়ের ফ্ল্যাট থেকে এবং ফ্লাওয়ার্স মধ্য ইংল্যান্ডে তার দাদির বাড়ি থেকে এই সাইবার অপরাধে অংশ নিয়েছিলেন।