রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরে জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, মিরপুর-১১ নম্বরের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ কোনো সংগঠনের কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল এবং সে সময় ভেতরে কোনো যাত্রী ছিলেন না।
এর কিছুক্ষণ পরেই মিরপুর-১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহন নামের আরেকটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ জানান, বাসটি পোড়েনি, কারণ ফায়ার সার্ভিসের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
অন্যদিকে মধ্যবাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে পার্কিংয়ে থাকা একটি স্টাফ বাসে রাত ৭টা ৫০ মিনিটে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল জানান, বাসটিতে আগুন দেওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
একই সময়ে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার বিপরীতে সামাদ সুপার মার্কেটের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।