সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে ৩৪ দিনে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই অর্থ গণনার কাজ সন্ধ্যায় শেষ হয়। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ১৩ সদস্যের কমিটির তত্ত্বাবধানে এই গণনা সম্পন্ন হয়েছে।
গণনার সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণনা শেষে প্রাপ্ত নগদ অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা নির্ধারিত হিসাবে জমা রাখা হয়েছে। নগদ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও রৌপ্য সামগ্রী এবং একাধিক চিঠিপত্রও পাওয়া গেছে।
মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও স্বচ্ছ কাঠামো তৈরির লক্ষ্যে গত ২৬শে জুন ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়। এর ধারাবাহিকতায় নিয়মিত বিরতিতে দানের অর্থ প্রকাশ্যে গণনা করা হচ্ছে। চলতি বছর ২২শে জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের অর্থ গণনা করা হয়, যেখানে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল। এরপর ১১ই জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ১৫ই আগস্ট তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। ওই সময় বৈদেশিক মুদ্রার পাশাপাশি ২ ভরি ১ রতি স্বর্ণালংকার ও ১ ভরি ২ আনা রুপা পাওয়া গিয়েছিল। আগের তিন দফায় নগদ অর্থ মিলিয়ে মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা জমা হয়েছিল বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।