ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক এক কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত শনিবার আনুষ্ঠানিকভাবে তিতাস-২৮ কূপটির উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী জানান, তিতাস গ্যাসক্ষেত্রে আরো তিনটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এসব কূপ খনন সফল হলে জাতীয় গ্রিডে দৈনিক আরো সাড়ে চার কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব জিয়াউল হক ও বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক বক্তব্য দেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলসহ জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা, বিজিএফসিএল ও সিসিডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিএফসিএলের তথ্য অনুযায়ী, তিতাস-২৮ কূপের খননকাজ গত বছরের ১৫ ডিসেম্বর শুরু হয়ে চলতি বছরের ১৯ জুন শেষ হয়। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে সমন্বিত ড্রিলিং ঠিকাদার হিসেবে কাজ করছে চীনা প্রতিষ্ঠান সিসিডিসি।
দেশের চলমান জ্বালানি সংকটের সময়ে নতুন কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে জ্বালানিতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে সরকার ১৫০টি কূপ খননের উদ্যোগ নিয়েছে। বর্তমানে ২৭টি কূপের খননকাজ চলছে, যার মধ্যে তিতাস-২৮ অন্যতম। প্রতিমন্ত্রী আরও বলেন, এলএনজি আমদানির উচ্চমূল্য বহন করার সক্ষমতা আমাদের নেই, তাই দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
বিগত দেড় দশকে দেশীয় গ্যাস কোম্পানিগুলো অবহেলিত ছিল মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, এতে দেশের জ্বালানি সরবরাহে এসব প্রতিষ্ঠানের অবদান রাখার সক্ষমতা সীমিত হয়ে পড়েছিল। এখন আমরা এসব প্রতিষ্ঠানের কাজ করার সুযোগ তৈরি করেছি এবং দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে রাষ্ট্রীয় অনুসন্ধান প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) আরো শক্তিশালী করার কাজ চলছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বলেন, চলমান গ্যাস সংকটের কারণে অভ্যন্তরীণ উৎপাদনের পাশাপাশি আমদানি করে চাহিদার একটি অংশ পূরণ করা হচ্ছে। আমদানির পাশাপাশি এ ধরনের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা চলছে। এছাড়া বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক জানান, চলমান তিতাস-৩১ দেশের সবচেয়ে গভীর কূপ খনন প্রকল্প।