রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে পাঠানো হয়। পরে রাত ৯টা ৪৬ মিনিটে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং ৯টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ট্রেনটির নামও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের একটি কোচে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। তাদের ধারণা, কোনো দুর্বৃত্ত কোচটিতে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলতে শুরু করে এবং পাশের অন্যান্য কোচেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। পুরো স্টেশন এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে সেখানে উপস্থিত যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।