মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক বাসসকে জানান, আলোচনায় মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক মহলের নিরবচ্ছিন্ন সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এ সময় বারহাম সালেহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে দীর্ঘদিনের এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।