মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি স্থল নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় এই বৃষ্টিপাত হতে পারে। অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির কারণে পাহাড়ি জেলাগুলোর বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে, ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে।